স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মে, ২০২৬ ১৭:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বল হাতে আগুন ঝরিয়ে আইসিসি’র ‘প্লেয়ার অফ দ্য মান্থ’ বা মাসসেরা (এপ্রিল ২০২৬) নির্বাচিত হয়েছেন বাংলাদেশের গতি তারকা নাহিদ রানা। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৮ উইকেট শিকার করে এই সম্মাননা নিজের করে নিলেন ডানহাতি এই পেসার।
নাহিদ রানার এই ফর্ম কোনো আকস্মিক ঘটনা নয়। গত মার্চেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনি সমান ৮টি উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছিলেন।
এপ্রিলের এই সাফল্যের মধ্য দিয়ে মেহেদী হাসান মিরাজের পর প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরার খেতাব জিতলেন তিনি। গত বছরের এপ্রিলে সর্বশেষ এই পুরস্কার জিতেছিলেন মিরাজ।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি রানার জন্য কিছুটা ম্লান ছিল, ৬৫ রান খরচায় পেয়েছিলেন ১টি উইকেট। তবে দ্বিতীয় ম্যাচেই রাজকীয়ভাবে ঘুরে দাঁড়ান তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাত্র ৩২ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় ‘ফাইফার’। পাওয়ার-প্লেতে দুই উইকেট নিয়ে কিউই ব্যাটিং অর্ডারে ধস নামানোর পর ইনিংসের শেষদিকে আরও ৩ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডকে ১৯৮ রানেই গুটিয়ে দেন তিনি।
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচেও রানা ছিলেন অপ্রতিরোধ্য। আরও ২ উইকেট শিকার করে বাংলাদেশের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন। পুরো সিরিজে ১৬.৭৫ গড় এবং ৪.৪৬ ইকোনমিতে ৮ উইকেট নিয়ে তিনি ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’ হওয়ার পাশাপাশি এবার আইসিসির মাসসেরার মুকুটও অর্জন করলেন।
আইসিসি’র স্বীকৃতি পাওয়ার পর নাহিদ রানা বলেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে পারফর্ম করে মাসসেরা হওয়াটা দারুণ এক অনুভূতি। দেশের মাটিতে দলের জয়ে অবদান রাখতে পেরে এই সিরিজটি আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি আমার সতীর্থদের কাছে কৃতজ্ঞ, যারা সবসময় আমার ওপর বিশ্বাস রেখেছেন। আশা করি ভবিষ্যতে দলের জন্য আরও জয় এবং স্মরণীয় মুহূর্ত উপহার দিতে পারব।’