ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পিএসএলের ফাইনাল খেলবেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬ ১৫:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ১৩ বার


পিএসএলের ফাইনাল খেলবেন নাহিদ রানা

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের ঠিক আগে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলবেন নাহিদ রানা। পেশাওয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি নিশ্চিত করেছেন, বাংলাদেশের ফাস্ট বোলারকে ফাইনালে পাচ্ছেন তারা।

পেশাওয়ারের হয়ে এবার ৪টি ম্যাচ খেলেছেন নাহিদ। পরে তিনি দেশে ফিরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেন। ওয়ানডে সিরিজের পর তাকে আর পিএসএলে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হবে বলে তখন জানানো হয়েছিল বিসিবির পক্ষ থেকে।

তবে পেশাওয়ারের চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বুধবার দুপুরে সামাজিক মাধ্যমে লিখেন, “পিএসএল ফাইনাল ম্যাচে পেশাওয়ার জালমির হয়ে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই তামিম।”

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইন চার্জ শাহরিয়ার নাফীস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা এখনও জানেন না এই ব্যাপারে।

“নাহিদ এখনও আমাদের কাছে এনওসি (অনাপত্তিপত্র) চায়নি। যদি চায়, তখন আমরা দেখব। তবে যদি বোর্ড প্রধান বা প্রধান নির্বাহীর সঙ্গে কথা হয়ে থাকে, তাহলে ভিন্ন কথা। কিন্তু আমাদের কাছে এখনও নাহিদের পক্ষ থেকে কিছু চাওয়া হয়নি।”

বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র অবশ্য জানাচ্ছে, তাদের সঙ্গে আলোচনা করে নাহিদকে পিএসএল ফাইনালে খেলার অনুমতি দিয়েছে বোর্ড। কিউইদের বিপক্ষে সিরিজ শেষে ৬ দিন পূর্ণ বিশ্রামে থাকার কথা এই ফাস্ট বোলারের, যা ঠিকভাবেই হয়ে যাবে।

পিএসএল ফাইনাল ম্যাচটি হবে আগামী রোববার। বাংলাদেশ দলের অনুশীলন সূচি অনুযায়ী, সেদিন ৬ বা ৭ ওভার বোলিং করার কথা ছিল নাহিদের। পিএসএল ফাইনাল খেললে চার ওভার পর্যন্ত বোলিং করবেন তিনি। ফাইনাল শেষে পরদিন সকালেই তিনি দেশে ফিরবেন। বাংলাদেশ দলের সেদিন এমনিতেও অনুশীলন নেই। কাজেই দেশে ফিরেও দিনটি বিশ্রামে কাটাবেন ২৩ বছর বয়সী ফাস্ট বোলার।

বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে আলোচনা করে ও ফাইনালের মতো ম্যাচ খেলার টেম্পারমেন্ট ও অভিজ্ঞতা অর্জনের ব্যাপারটি ভাবনায় রেখে তাকে অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

পিএসএলে অভিষেক ভালো না হলেও পরের ৩ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেট নেন নাহিদ। গতি-বাউন্সের সঙ্গে ধারাল বোলিং দিয়ে তিনি দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন পাকিস্তানের ক্রিকেট আঙিনায়।


   আরও সংবাদ