স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬ ০৯:৫২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তন ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে বিসিবির ‘সংবিধান’ ও অ্যাডহক কমিটি গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন।
নিজের পোস্টে তিনি বলেন, ‘বিসিবি নির্বাচনটা বিসিবির সংবিধান অনুযায়ীই করা হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রী। সংবিধান মানতে গিয়েই আপনাদের দলীয় নেতাদের কাউন্সিলর করা হয়নি।
বরং অ্যাডহক কমিটি বলতে কিছুই বিসিবির সংবিধানে নাই।’
তিনি আরও লিখেছেন, ‘শুধু দেশের সংবিধানই সংবিধান, বিসিবির সংবিধান কি সাদা-কালো কাগজ?’
এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা এখানে (বিসিবি) বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি।
’
সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পূর্বের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করে। সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়।
এর আগে বিসিবির পরিচালনা পর্ষদের নেতৃত্বে ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
বোর্ড ভেঙে নতুন কমিটি গঠনের সিদ্ধান্তটি শুরু থেকেই আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর মধ্যেই বিসিবির নিজস্ব ‘সংবিধানে’ অ্যাডহক কমিটির কোনো উল্লেখ নেই– এমন দাবি তুলে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন আসিফ।
তার বক্তব্য অনুযায়ী, আগের নির্বাচন নিয়ম মেনেই অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ না থাকায় কাউন্সিলর নির্বাচনেও নির্দিষ্ট নিয়ম অনুসরণ করা হয়েছিল।