ঢাকা, বুধবার, ০১ এপ্রিল ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিশ্বকাপের ৭২ দিন আগে কোচকে বরখাস্ত করল ঘানা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৩১ মার্চ, ২০২৬ ১৪:৪৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩২ বার


বিশ্বকাপের ৭২ দিন আগে কোচকে বরখাস্ত করল ঘানা

২০২৬ বিশ্বকাপের মহারণ শুরু হতে যখন আড়াই মাসও বাকি নেই, ঠিক তখনই প্রধান কোচ অটো আডোকে বিদায় করে দিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন (জিএফএ)। 

স্টুটগার্টে প্রীতি ম্যাচে জার্মানির কাছে ২-১ ব্যবধানে হারের পর সোমবার রাতে এই কঠোর সিদ্ধান্ত নেয় দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইউরোপ সফরে গিয়েছিল ‘ব্ল্যাক স্টার’রা। কিন্তু এই সফর ঘানার জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর সোমবার জার্মানির কাছে হারই আডোর বিদায় ঘণ্টা বাজিয়ে দেয়। 

 

এক আনুষ্ঠানিক বিবৃতিতে জিএফএ জানায়, ‘অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে পুরুষ জাতীয় দলের প্রধান কোচ অটো আডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন।’

২০২৪ সালের মার্চে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর আডোর অধীনে ঘানা খুব একটা সুবিধা করতে পারেনি। তার কোচিংয়ে খেলা ২২টি ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র ৮টিতে, বিপরীতে হার ৯টি।

 

 

এমনকি আডোর অধীনেই ২০২৫ আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) কোয়ালিফাই করতে ব্যর্থ হয়েছিল ঘানা, যা দেশটির ফুটবলের জন্য বড় ধাক্কা ছিল।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও ঘানার ডাগআউটে ছিলেন আডো। সেখানে দক্ষিণ কোরিয়াকে হারালেও পর্তুগাল ও উরুগুয়ের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল তাদের।

এবার পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ঘানা রয়েছে গ্রুপ ‘এল’-এ।

সেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও পানামা। 

 

বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের মাত্র ৭২ দিন আগে নতুন কোচ নিয়োগ দিয়ে দলকে গুছিয়ে তোলা এখন ঘানার জন্য 'হিমালয়সম' এক চ্যালেঞ্জ। 


   আরও সংবাদ