ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মায়ামির রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ২৩ মার্চ, ২০২৬ ১৩:৩৮ অপরাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


মায়ামির রোমাঞ্চকর জয়

দূর থেকে পাওয়া এক ফ্রি কিক থেকে গোল করে আবারও আলোচনায় লিওনেল মেসি। খুব জোরালো শট না হলেও প্রতিপক্ষের ডিফ্লেকশনে বল জালে জড়ায়। সেই গোলেই ম্যাচে ফেরে ইন্টার মায়ামি, পরে নাটকীয় লড়াইয়ে জয়ও তুলে নেয় তারা।

 

মেজর লিগ সকারে নিউ ইয়র্ক সিটির মাঠে ৩-২ ব্যবধানে জিতেছে মায়ামি।

 

দলের হয়ে গোল করেছেন গন্সালো লুহান, লিওনেল মেসি ও মিকায়েল দোস সান্তোস।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মায়ামি। তৃতীয় মিনিটে গন্সালো লুহানের গোলে লিড নেয় তারা। ২৪ বছর বয়সী এই ডিফেন্ডারের ক্যারিয়ারে এটি প্রথম গোল।

 

 

১৭তম মিনিটে সমতায় ফেরে নিউ ইয়র্ক সিটি। আর্জেন্টাইন মিডফিল্ডার ফের্নান্দেস মের্কাউ দুর্দান্ত ফ্রি কিকে গোল করেন।

 

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় স্বাগতিকরা। ৫৯তম মিনিটে মাক্সি মোরালেসের পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন উইঙ্গার আগুস্তিন ওহেদা।

 

 

তবে এক মিনিটের মধ্যেই ম্যাচে ফেরে মায়ামি। বক্সের বাইরে ফাউল থেকে পাওয়া ফ্রি কিকটি নেন মেসি। তার নেওয়া নিচু শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক বদলে জালে জড়ায়। এই গোলের মাধ্যমে ক্যারিয়ারের ৯০১তম গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।

 

এই ম্যাচে হ্যাটট্রিকের সুযোগও পেয়েছিলেন মেসি।

 

 

৩১তম মিনিটে তার শট ক্রসবারে লাগে, ৪২তম মিনিটে পোস্টে বাধা পায়। ৮৪তম মিনিটে কাছ থেকে নেওয়া শট আটকে দেন গোলরক্ষক। শেষ দিকে আরও একটি সুযোগ হাতছাড়া করেন তিনি।

শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে মায়ামি। ৭৪তম মিনিটে নোয়াহ অ্যালেনের ক্রস থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিকায়েল দোস সান্তোস।

 

এই জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে তিন নম্বরে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে তাদের ওপরে রয়েছে নিউ ইয়র্ক সিটি, যারা এবারের আসরে প্রথম হার দেখল। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল।


   আরও সংবাদ