ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

এশিয়ায় সমীহ আদায়ের দিকে চোখ শমিতের সিনিয়র

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৯ মার্চ, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩১ বার


এশিয়ায় সমীহ আদায়ের দিকে চোখ শমিতের  সিনিয়র

ঈদের আমেজ শেষ হতে না হতেই মাঠের ব্যস্ততায় ফিরছে দেশের ফুটবল। জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক নারী ও পুরুষ দলগুলোর সামনেও এখন আন্তর্জাতিক চ্যালেঞ্জ। 

 

তবে সব আকর্ষণের কেন্দ্রে এখন হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সামনেই ভিয়েতনাম ও সিঙ্গাপুরের মাটিতে দুটি কঠিন অ্যাওয়ে ম্যাচ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল।

 

অতীতের হিসেবে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের কোনো রেকর্ড নেই বাংলাদেশের। ফিফা র‍্যাংকিংয়েও বাংলাদেশ (১৮০) তাদের চেয়ে অনেক পিছিয়ে; ভিয়েতনাম ১০৮ এবং সিঙ্গাপুর ১৪৮ নম্বর অবস্থানে। তবে এসব পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ দলের অভিজ্ঞ মিডফিল্ডার শমিত সোম। 

 

২৮ বছর বয়সী এই তারকা আজ কিংস অ্যারেনায় সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য ভিয়েতনাম, এরপর সিঙ্গাপুর।

 

 

জুনের উইন্ডো পার করে আমাদের চূড়ান্ত লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপ। আমরা এখন নিজেদের গর্বের জায়গা থেকে খেলছি।’

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপরই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের কঠিন লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হবেন হামজা চৌধুরী-শমিতরা।

 

 

 

শমিতের মতে, এশিয়ান কাপে জায়গা করে নেওয়া ভিয়েতনাম এবং শক্তিশালী সিঙ্গাপুরকে তাদের মাটিতে হারাতে পারলে তা হবে বাংলাদেশ ফুটবলের জন্য এক বিশাল অর্জন। এটি এশিয়ান ফুটবলে বাংলাদেশের মর্যাদা বাড়িয়ে দেবে এবং প্রতিপক্ষের মনে সমীহ জাগাবে।

 

শেষ মুহূর্তে গোল হজম করে ম্যাচ হাতছাড়া করার পুরনো রোগ সারাতে চান শমিত। গত বছর হংকংয়ের বিপক্ষে তার করা গোলের পরও শেষ মুহূর্তে গোল খেয়ে হেরেছিল বাংলাদেশ। সেই দুঃস্মৃতি ভুলে শমিত বলেন, ‘ফুটবলে একা ম্যাচ জেতানো সম্ভব নয়।

 

 

রক্ষণ থেকে আক্রমণ—সব বিভাগকে এক হয়ে লড়তে হবে। ম্যাচ বাই ম্যাচ খেলে আমাদের সাফের জন্য সেরা প্রস্তুতি নিতে হবে।’

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। এই গ্রুপে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর, ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হংকং এবং ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভারত।

 

জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলগুলোও মাঠের লড়াইয়ে নামছে। নেপালে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে আগামী ২৪ ও ২৮ মার্চ পাকিস্তান এবং ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। 

 

অন্যদিকে, মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপে এপ্রিলে থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামের মতো শক্তিশালী প্রতিপক্ষের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।


   আরও সংবাদ