ঢাকা, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সিটি সমর্থকদের ভিনিসিয়ুসের জবাব

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ মার্চ, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার


সিটি সমর্থকদের ভিনিসিয়ুসের জবাব

ম্যানচেস্টার সিটির মাঠে গোল করে গ্যালারির দিকে চুপ থাকার ইশারা, তারপর বাচ্চাদের কান্নার ভঙ্গি। ভিনিসিয়ুস জুনিয়রের এমন উদযাপনই হয়ে উঠল ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত। আর মাঠের পারফরম্যান্সে দুই গোল করে দলকে জিতিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

 

শেষ ষোলোর দ্বিতীয় লেগে সিটির বিপক্ষে ২-১ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ।

 

দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে জায়গা করে নিয়েছে ইউরোপের সফলতম ক্লাবটি।

গোলের পর ভিনিসিয়ুসের উদযাপন ছিল স্পষ্ট বার্তাময়। ঠোঁটে আঙুল চেপে দর্শকদের চুপ করানোর ইঙ্গিত দিয়ে কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ান তিনি। এরপর গ্যালারির দিকে তাকিয়ে কান্নার ভঙ্গি করেন।

 

 

সিটির সমর্থকদের উদ্দেশেই ছিল এই প্রতিক্রিয়া।

এই উদযাপনের পেছনের প্রেক্ষাপটও বেশ পুরোনো। গত মৌসুমে একই প্রতিপক্ষের বিপক্ষে সিটির মাঠে গ্যালারিতে একটি ব্যানার টানান সমর্থকেরা। সেখানে ব্যালন ডি’অর ট্রফিতে চুমু খাচ্ছেন রদ্রি, এমন একটি ছবি ব্যবহার করে পাশে লেখা ছিল ‘Stop Crying Your Heart Out’।

 

 

সেই বার্তাটি ছিল ব্যালন ডি’অর দৌড়ে হেরে যাওয়া ভিনিসিয়ুসকে লক্ষ্য করে।

সেই ম্যাচে রিয়াল ৩-২ ব্যবধানে জিতলেও এবং ফিরতি লেগে ৩-১ ব্যবধানে জয় পেলেও কোনো ম্যাচেই গোল পাননি ভিনিসিয়ুস। এবার সেই আক্ষেপ ঘোচালেন তিনি।

 

ম্যাচ শেষে নিজের উদযাপন নিয়ে কথা বলতে গিয়ে ভিনিসিয়ুস বলেন, ‘সবশেষ যখন ম্যানচেস্টার সিটিতে এসেছিলাম, ওদের সমর্থকেরা আমাকে নিয়ে কৌতুক করছিল, বলছিল আমি নাকি কাঁদছি। আজ আমি তাদের অসম্মান করিনি, তবে এটা ছিল নিজের প্রমাণ দেওয়ার একটা বিষয়।

 

 

তিনি আরও বলেন, ‘ফুটবল এমনই, এখানে সবসময়ই আরেকটি সুযোগ থাকে। আমরা এখানে জিতেছি এবং কোয়ার্টার-ফাইনালে উঠেছি।’

 

এই ম্যাচে তার ব্যক্তিগত তৃপ্তির জায়গাও ছিল বেশ কিছু। আগের লেগে পেনাল্টি মিস করেছিলেন তিনি। এবার সেই ভুল শোধরান, পেনাল্টি থেকেই দলকে এগিয়ে দেন। আগের ম্যাচে যে প্রান্তে ডাইভ দিয়ে তার শট ঠেকিয়েছিলেন জানলুইজি দোন্নারুম্মা, এবার সেই দিক দিয়েই বল জালে পাঠান রিয়ালের তারকা।

 

পেনাল্টি নেওয়া নিয়ে অধিনায়ক ফেদে ভালভের্দের ভূমিকাও তুলে ধরেন ভিনিসিয়ুস, ‘গত সপ্তাহে আমি চেয়েছিলাম ফেদে পেনাল্টি নিক। সে নেয়নি, আমি নিয়েছিলাম কিন্তু গোল করতে পারিনি। আজ আবার তাকে বলেছিলাম নিতে, কিন্তু সে আমাকে নিতে বলে এবং অধিনায়ক হিসেবে আমাকে আত্মবিশ্বাস দেয়।’

 

তিনি যোগ করেন, ‘গত ম্যাচে গোল করতে না পেরে খুব হতাশ ছিলাম। ফেদে তিনটি গোল করেছিল, আমি চাইছিলাম পেনাল্টি থেকে গোল করতে। পারিনি। আজ সে আমাকে আত্মবিশ্বাস দিয়েছে, গোল করতে পেরে আমি খুব খুশি।’

 

দলের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট ভিনিসিয়ুস। চোটে জর্জর দল এবং ভারপ্রাপ্ত কোচের অধীনে থাকা রিয়ালকে নিয়ে ম্যাচের আগে খুব বেশি আশা ছিল না অনেকেরই। তবে দুই লেগেই দারুণ খেলেছে তারা।

 

ভিনিসিয়ুস বলেন, ‘এই ফলাফল আমাদের আত্মবিশ্বাসের জন্য খুব গুরুত্বপূর্ণ। মৌসুমের শুরুতে আমরা কিছু ম্যাচে ভালো খেলেছি, কিন্তু ধারাবাহিকতা ছিল না। ম্যান সিটির বিপক্ষে ম্যাচ দুটির মতো নিয়ন্ত্রণ তখন ছিল না।’

 

তিনি আরও বলেন, ‘আমরা জানতাম আমাদের কী করতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে এবং সুযোগ কাজে লাগাতে হবে। যদিও আমি কিছু সুযোগ মিস করেছি। তবে দল হিসেবে আমরা ধীরে ধীরে উন্নতি করছি। আরবেলোয়ার অধীনে নিজেদের আরও ভালোভাবে বুঝতে পারছি এবং আগের চেয়ে ভালো খেলছি।’


   আরও সংবাদ