স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ, ২০২৬ ১৬:৪৪ অপরাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসীভাবেই করেছে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তানজিদ হাসান ও সাইফ হাসান ধীরে-সুস্থে দলকে এগিয়ে নিচ্ছেন।
শুরুর দিকে বেশ আত্মবিশ্বাসী ব্যাটিং করছেন তানজিদ। আগের ম্যাচে দ্রুত আউট হলেও এবার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছেন তিনি।
অন্যদিকে প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়া সাইফ তুলনামূলক সতর্ক হয়ে ইনিংস গড়ার চেষ্টা করছেন। বাংলাদেশের ওপেনিং জুটি দলকে বড় ইনিংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
অবশ্য সাইফের বিপক্ষে পাকিস্তান এলবিডব্লিউর জোরালো আবেদন করলেও আম্পায়ার সেটি নাকচ করে দেন। পরে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি রিভিউ নিলেও তাতে লাভ হয়নি।
ফলে প্রথম রিভিউ হারাতে হয় পাকিস্তানকে।
দ্বিতীয় ম্যাচ শোচনীয়ভাবে হারা বাংলাদেশ শুরু থেকেই সতর্ক। ১৪ ওভার শেষে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৮১ রান। তানজিদ ৪২ বলে ৪৭ ও সাইফ ৩৫ বলে ২৫ রানে অপরাজিত আছেন।