ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ মার্চ, ২০২৬ ১৩:৫৯ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার
দেশের জ্বালানি সংকট মোকাবিলা এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বিপণন কোম্পানিগুলোর ডিপো খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ করা হবে।
এতে আরও বলা হয়, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পণ্য দেশে আনা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পাশাপাশি ডিলারদের জন্য প্রধান স্থাপনা হতে সারাদেশের সকল ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন/ট্যাংকারের মাধ্যমে জ্বালানি তেল প্রেরণ করা হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসির নির্দেশনা অনুযায়ী, সরকারি ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বিপিসির অধীনস্থ বিপণন কোম্পানিসমূহের প্রধান স্থাপনা/ডিপো খোলা রেখে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে।