ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিশ্বকাপে না খেলার ঘোষণা দিল ইরান

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১২ মার্চ, ২০২৬ ০৯:২৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার


বিশ্বকাপে না খেলার ঘোষণা দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আসন্ন ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছে ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার পর এমন পরিস্থিতিতে ইরানের পক্ষে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।

বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে দোনিয়ামালি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত সরকার (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে। এমন পরিস্থিতিতে কোনোভাবেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।

 

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে ইরানের গ্রুপপর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের শহরগুলোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে ম্যাচ নির্ধারিত আছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করার পর থেকেই অঞ্চলজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে।

যুদ্ধ শুরুর পর প্রথম ১২ দিনে সংঘাতে অন্তত ১,২৫৫ জন নিহত এবং ১২ হাজারের বেশি মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

 

এর জবাবে ইরান ইসরায়েল, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি এবং আঞ্চলিক গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে দোনিয়ামালি বলেন, ‘আমাদের সন্তানরাও নিরাপদ নয়। এই অবস্থায় আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার মতো পরিস্থিতি নেই।

 

তিনি আরও বলেন, ‘তারা আমাদের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ নিয়েছে এবং আট-নয় মাসের মধ্যে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। তাই নিশ্চিতভাবেই আমরা এমন কোনো উপস্থিতি রাখতে পারি না।’

২৮ ফেব্রুয়ারির হামলার পর ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে সরকারিভাবে এটাই প্রথম মন্তব্য। এর আগে গত সপ্তাহে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজও দলটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, যদিও সরাসরি বয়কটের ঘোষণা দেননি।

 

১ মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তাজ বলেন, ‘এই হামলার পর আমরা কীভাবে আশা নিয়ে বিশ্বকাপের দিকে তাকাব? যদি বিশ্বকাপের পরিস্থিতি এমনই হয়, তাহলে কে তার জাতীয় দলকে এমন জায়গায় পাঠাতে চাইবে?’

অন্যদিকে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য স্বাগত জানাতে আগ্রহী। মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের সঙ্গে বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন তিনি।

ইনফান্তিনো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে আলোচনার সময় আমরা ইরানের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছি। প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় বলেছেন, ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশ নিতে পারে।’

আগামী ১১ জুন শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ। উল্লেখযোগ্য বিষয় হলো, এই আসরের জন্য প্রথম দেশ হিসেবে বাছাইপর্ব পেরিয়ে জায়গা নিশ্চিত করেছিল ইরান।


   আরও সংবাদ