ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

পৌনে দুই কোটি লিটার ভোজ্যতেল কিনবে সরকার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ মার্চ, ২০২৬ ১৮:২৯ অপরাহ্ন | দেখা হয়েছে ৭ বার


পৌনে দুই কোটি লিটার ভোজ্যতেল কিনবে সরকার

দেশে ভোজ্যতেলের চাহিদা মেটাতে পৃথক তিনটি অভ্যন্তরীণ দরপত্রের মাধ্যমে এক কোটি ৮০ লাখ লিটার ভোজ্যতেল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে স্থানীয় দরপত্রের মাধ্যমে ৮০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল, অন্য একটি দরপত্রের মাধ্যমে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল ক্রয় করা হবে। এতে মোট ব্যয় হবে ৩০৫ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়েছে।

 

বুধবার (১১ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ৮০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল ক্রয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবটিতে অনুমোদন দেওয়া হয়েছে। টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের নিকট ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল (৫টি লটে) ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ১১টি দরপ্রস্তাব জমা পড়ে।

দরপ্রস্তাবগুলো যাচাই-বাছাই করে সব প্রক্রিয়া শেষে টিইসি (টেন্ডার ইভালুয়েশন কমিটি) কর্তৃক চারটি লটে সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন চারটি দরদাতা প্রতিষ্ঠান এই ভোজ্যতেল সরবরাহ করবে।

 

এর মধ্যে যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে প্রতি লিটার ১৬৯.৭৫ টাকা হিসেবে ২০ লাখ লিটারের দাম পড়বে ৩৩ কোটি ৯৫ লাখ টাকা; ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রির কাছ থেকে প্রতি লিটার ১৬৯.২৫ টাকা হিসেবে ২০ লাখ লিটারের দাম পড়বে ৩৩ কোটি ৮৫ লাখ টাকা; তামীম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে প্রতি লিটার ১৬৯.২৫ টাকা হিসেবে ২০ লাখ লিটারের দাম পড়বে ৩৩ কোটি ৮৫ লাখ টাকা; এবং গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে প্রতি লিটার ১৬৭.৫০ টাকা হিসেবে ২০ লাখ লিটারের দাম পড়বে ৩৩ কোটি ৫০ লাখ টাকা।

অর্থাৎ মোট ৮০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল ক্রয়ে মোট ব্যয় হবে ১৩৫ কোটি ১৫ লাখ টাকা। ক্রয়ের অনুমোদনের জন্য প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

 

অন্যদিকে সভায় স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে আরও এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

সভা সূত্রে জানা গেছে, টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কাছে ভর্তুকি দামে বিক্রির লক্ষ্যে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল (৫টি লটে) ক্রয়ের জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ১১টি দরপ্রস্তাব জমা পড়ে। দরপ্রস্তাবগুলো যাচাই-বাছাই করে সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক পাঁচটি লটে সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন পাঁচটি দরদাতা প্রতিষ্ঠান এই তেল সরবরাহ করবে।

এর মধ্যে যশোরের মজুমদার ব্র্যান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে প্রতি লিটার ১৬৯.৭৫ টাকা হিসেবে ২০ লাখ লিটারের দাম পড়বে ৩৩ কোটি ৯৫ লাখ টাকা; ঢাকার গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রির কাছ থেকে প্রতি লিটার ১৬৯.২৫ টাকা হিসেবে ২০ লাখ লিটারের দাম পড়বে ৩৩ কোটি ৮৫ লাখ টাকা; তামীম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে প্রতি লিটার ১৬৯.২৫ টাকা হিসেবে ২০ লাখ লিটারের দাম পড়বে ৩৩ কোটি ৮৫ লাখ টাকা, গাইবান্ধার প্রধান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে প্রতি লিটার ১৬৭.৫০ টাকা হিসেবে ২০ লাখ লিটারের দাম পড়বে ৩৩ কোটি ৫০ লাখ টাকা; এবং প্রধান অয়েল মিলস লিমিটেডের কাছ থেকে প্রতি লিটার ১৬৮.৯০ টাকা হিসেবে আরও ২০ লাখ লিটারের দাম পড়বে ৩৩ কোটি ৭৮ লাখ টাকা।

মোট এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্র্যান তেল ক্রয়ের জন্য মোট ১৬৮ কোটি ৯৩ লাখ টাকায় ক্রয় প্রস্তাব উপস্থাপন করা হলে কমিটি তাতে অনুমোদন দিয়েছে।

 


   আরও সংবাদ