ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ মার্চ, ২০২৬ ১৫:২১ অপরাহ্ন | দেখা হয়েছে ১১২ বার
চট্টগ্রাম: ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি পেরিয়ে আসা জ্বালানি তেলবাহী ৭টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
রোববার (৮ মার্চ) সকালে বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম এ তথ্য জানান।
তিনি জানান, শনিবারের (৭ মার্চ) মধ্যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে। ৭টি জাহাজের মধ্যে ৫টি জাহাজই কাতার থেকে এলএনজি নিয়ে এসেছে।
এসব জাহাজে ৩ লাখ ৯ হাজার ১১০ টন এলএনজি রয়েছে। সেগুলো হচ্ছে ফ্রান্সের পতাকাবাহী ‘এমভি আল জোরে’, গ্রিক পতাকাবাহী ‘এমভি আল জাসাসিয়া’, বাহামা পতাকাবাহী ‘এমভি লুসেল’, লাইবেরিয়া পতাকাবাহী ‘এমভি আল গালায়েল’ ও ‘এমভি লেব্রেথা’।
পানামা পতাকাবাহী ‘এমভি এলপিজি সেভেন’ ও ‘mv G YMM' নামের ২টি জাহাজে ওমান থেকে আনা ৪১ হাজার ৪৮৮ টন এলপিজি রয়েছে।
এ ছাড়া ‘এমভি বে ইয়াসু’ জাহাজে ইউএই থেকে আনা পলিয়েস্টার ফাইবার, রেজিনসহ বিভিন্ন পণ্য তৈরির কাঁচামাল মনো-ইথিলিন গ্লাইকল (এমইজি) রয়েছে।
এর বাইরে আরও অন্তত চারটি সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকারবাহী জাহাজ এসেছে যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালি পাড়ি দেওয়া।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ব বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় গত শুক্রবার জ্বালানি তেল বিক্রির সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।