ঢাকা, শনিবার, ০৭ মার্চ ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নিরাপত্তায় মেক্সিকোর নজিরবিহীন পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ৭ মার্চ, ২০২৬ ১৪:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ২০ বার


নিরাপত্তায় মেক্সিকোর নজিরবিহীন পরিকল্পনা

আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক দেশ মেক্সিকো তাদের নিরাপত্তা ব্যবস্থায় কোনো ফাঁক রাখতে চাইছে না। দেশটির অভ্যন্তরীণ ড্রাগ কার্টেল বা মাদক সম্রাটদের সহিংসতা বৃদ্ধি পাওয়ায় ফুটবল ভক্তদের নিরাপত্তায় প্রায় ১ লাখ নিরাপত্তা কর্মী মোতায়েনের ঘোষণা দিয়েছে মেক্সিকো সরকার।

যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপের ভেন্যুগুলোর মধ্যে মেক্সিকোর গুয়াদালাজারা অন্যতম। তবে সম্প্রতি এই অঞ্চলেই মাদক চক্র ‘জালিস্কো নিউ জেনারেশন’-এর সঙ্গে দেশটির সামরিক বাহিনীর ব্যাপক সংঘর্ষ শুরু হয়েছে।

গত মাসে এই চক্রের শীর্ষ নেতা এবং মেক্সিকোর সবচেয়ে ওয়ান্টেড অপরাধী নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস ওরফে ‘এল মেনচো’ এক সামরিক অভিযানে নিহত হওয়ার পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার মাথার ওপর যুক্তরাষ্ট্রের ১৫ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করা ছিল।

 

সহিংসতার আশঙ্কায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম বিশ্বকাপের জন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা 'প্ল্যান কুকুলকান' উপস্থাপন করেছেন। মায়া সভ্যতার সর্প দেবতার নামে রাখা এই পরিকল্পনার আওতায় হোস্ট সিটিসহ আশেপাশের পর্যটন এলাকায় ২০ হাজার সেনা সদস্য, ৫৫ হাজার পুলিশ এবং বিপুল সংখ্যক বেসরকারি নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে।

এছাড়াও নজরদারিতে থাকবে ২৪টি বিমান, ২ হাজার ৫০০টি সামরিক যান এবং উন্নত ড্রোন বিধ্বংসী ব্যবস্থা।

 

সহিংসতা চললেও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং মেক্সিকান সরকার আশ্বস্ত করেছেন যে, এর কোনো প্রভাব বিশ্বকাপে পড়বে না।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। মেক্সিকোর অন্য দুটি ভেন্যু হলো মন্টেরি ও গুয়াদালাজারা।

গুয়াদালাজারাতে বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া আয়ারল্যান্ড যদি প্লে-অফ বাধা পেরিয়ে আসতে পারে, তবে তারাও এই শহরটিতেই দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে।

 

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবল বিশ্বের এই মহারণ অনুষ্ঠিত হবে। মেক্সিকো সিটিতে দুটি রাউন্ড অব ৩২ এবং একটি রাউন্ড অব ১৬-এর ম্যাচও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


   আরও সংবাদ