ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

শ্রমিক বিক্ষোভে বন্ধ ছিল ৬৩৪ কারখানা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৭ বার


 শ্রমিক বিক্ষোভে বন্ধ ছিল ৬৩৪ কারখানা

মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের জেরে মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনভর দেশের ৬৩৪টি কারখানার উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে আন্দোলনরত শ্রমিকরা ৫১৯টি কারখানায় কাজ বন্ধ করে বাইরে বেরিয়ে আসেন।

অন্যদিকে শ্রমিক বিক্ষোভের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ‘কাজ নেই, বেতন নেই’ নীতিতে ১১৫টি কারখানা বন্ধ করে দেয় মালিকপক্ষ।

 

এক দিনে এত বেশি সংখ্যক কারখানা বন্ধ হওয়ার ঘটনা এটিই সর্বোচ্চ।

 

মঙ্গলবার সন্ধ্যায় বিজিএমইএ সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগের দিন ১৩১টি কারখানা বন্ধ ছিল।

তবে মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের খবর বিক্ষুব্ধ শ্রমিকদের কাছে পৌঁছানোর পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। মঙ্গলবার অনেক বেশি সংখ্যক শ্রমিক কারখানার কাজ ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।

এতে শ্রমিকদের আন্দোলনে বন্ধ হয়ে যাওয়া কারখানার সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫১৯টিতে। পাশাপাশি শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ করা হয় আরও ১১৫টি কারখানা।

 

শ্রমিকরা ৩০ হাজার টাকা মূল বেতনের দাবিতে বিক্ষোভ করছেন। গত ১ নভেম্বর বেতন বাড়ানোর জন্য মজুরি বোর্ড গঠন করা হলে কয়েক দিন শ্রমিকদের বিক্ষোভ কিছুটা শান্ত ছিল। তবে এরপর থেকেই প্রতিদিন কোনো না কোনো কারখানায় শ্রমিক অসন্তোষ ও বিক্ষোভের ঘটনা ঘটছে।

এ পরিস্থিতিতে মালিকপক্ষ কিছু কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুসারে বন্ধ করে দেয়। পাশাপাশি শ্রমিকদের জোর করে কারখানা বন্ধ করে দেওয়ার ঘটনাও অব্যাহত থাকে।

গত ১৬ নভেম্বর শ্রমিকদের আন্দোলনের মুখে ৩৩টি কারখানায় কাজ বন্ধ ছিল। আর শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ করা হয়েছিল ৯৮টি কারখানা।

মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক স্থগিতের পরদিনই বন্ধ কারখানার সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়।


   আরও সংবাদ