ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘হামজার হাত ধরেই কাঙ্ক্ষিত সাফ শিরোপা জিতবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬ ০৮:১৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২২ বার


‘হামজার হাত ধরেই কাঙ্ক্ষিত সাফ শিরোপা জিতবে বাংলাদেশ’

গ্যালারির গর্জন আর মাঠের উত্তাপ সব মিলিয়ে এক দারুণ ফুটবলীয় আবহ। সেই আবহে মিশে যেতে গ্যালারিতে হাজির হয়েছিলেন ২০০৩ সালের সাফজয়ী দলের গোলরক্ষক এবং বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

 

 

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে জিতেছে বাংলাদেশ। উত্তরসূরিদের দুর্দান্ত জয় মাঠে বসেই উপভোগ করেছেন তিনি।

ম্যাচ শেষে যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন, তখন সাবেক এই তারকা ফুটবলারের কণ্ঠে ঝরে পড়ল মুগ্ধতা আর নতুন করে ইতিহাস গড়ার স্বপ্ন।

 

দলের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে অবধারিতভাবেই উঠে আসে হামজা চৌধুরীর প্রসঙ্গ।

দীর্ঘদিন জামাল ভূঁইয়ার কাঁধে থাকা অধিনায়কের আর্মব্যান্ড মাঝখানে অনেকের হাতেই ঘুরেছে। তবে বর্তমান দলে হামজাকে নিয়ে দারুণ আশাবাদী সাবেক এই তারকা।

 

 

উচ্ছ্বসিত কণ্ঠে তিনি বলেন, 'হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এক কিংবদন্তি খেলোয়াড়। আমার বিশ্বাস, তার হাত ধরেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত সাফ শিরোপা জিততে পারব।' শুধু নির্দিষ্ট কোনো খেলোয়াড় নন, জয়ের পথে দলের প্রতিটি গোলকেই তিনি ‘অসাধারণ’ হিসেবে আখ্যা দিয়েছেন।
মাঠে নিজে একসময় রক্ত-ঘাম ঝরিয়েছেন, জানেন এই সবুজ গালিচার মাটির গন্ধ কতটা আপন। তাই নতুন মুখ ফারহান যখন ড্রেসিংরুম থেকে বেরিয়েই প্রথমবার মাঠের মাটি ছুঁয়ে আবেগাপ্লুত হলেন, সেই দৃশ্য ছুঁয়ে গেছে আমিনুলকেও। 

ফারহানকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করে তিনি জানান, আগে তার সম্পর্কে খুব বেশি জানা না থাকলেও আজকের ম্যাচে এই তরুণের পারফরম্যান্স ছিল সত্যিই অসাধারণ। কেবল ফারহানই নন, দলের প্রতিটি খেলোয়াড়ের শতভাগ নিবেদনের ফলেই যে এই দুর্দান্ত জয় এসেছে, সে কথাও অকপটে স্বীকার করে নেন তিনি।

সামনেই মহাগুরুত্বপূর্ণ ফাইনাল। ২০০৩ সালে যে শিরোপা উঁচিয়ে ধরেছিলেন আমিনুল, দুই দশকের বেশি সময় পর সেই ট্রফি আবারও দেশের মাটিতে দেখতে মুখিয়ে আছেন তিনি। তাই তো ফাইনালের মহারণের আগে দর্শকদের প্রতি ক্রীড়া প্রতিমন্ত্রীর আন্তরিক আহ্বান, 'ফাইনালের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আমি সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাব, দর্শকরা যেন সবাই মাঠে এসে খেলা দেখেন।' শিরোপায় চোখ রেখেই যেন বুকভরা প্রত্যাশা নিয়ে মাঠ ছেড়েছেন দেশের ফুটবলের এই সোনালি অতীত।


   আরও সংবাদ