ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬ ০৮:১৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৪ বার
মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরতে হলে আইন মানতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (১১ নভেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান পরিষ্কার করেছেন। আইসিটি ট্রাইব্যুনালের প্রসিকিউটর, যে আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনা মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়েছেন, তিনিও তার বক্তব্য দিয়েছেন।
আমি মিডিয়াতে দেখেছি, ভারতের পররাষ্ট্র সচিবও বক্তব্য দিয়েছেন।
‘আমার মনে হয়, এটি আইন ও আন্তর্জাতিক বিষয় এবং সরকারের পক্ষ থেকে সেটি ব্যাখ্যা দেওয়া হয়েছে।
এ নিয়ে কোনো ধোঁয়াশা, অপব্যাখ্যা কিংবা ভিন্ন রকম ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। যারা বক্তব্য দিয়েছেন, তারা আইনগতভাবে পারস্পরিক বৈশ্বিক সম্পর্ক ও আন্তঃদেশীয় সম্পর্কের ভিত্তিতে যে কথা বলেছেন, তারা আইনের সঠিক কথাই বলেছেন।
’
শেখ হাসিনার ফেরা নিয়ে অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘উনি কীভাবে ফিরবেন, সেই ব্যাখ্যা তো আর আমি দিতে পারব না। আমি আইনে যতটুকু কথা, আইনে যতটুকু বলতে পারি, আইনের কথাটুকুই বলতে পারি। আইনের কথাটুকুই। আইনের কথাটাই তো বললাম। তিনি একজন দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এবং তিনি বর্তমানে বাংলাদেশে নেই। তাকে বাংলাদেশে যদি মনে করেন যে বাংলাদেশের আইনের সামনে সোপর্দ করবেন, আসতে পারবেন, তাকে তো আইন মানতে হবে। এবং আইন খুবই স্পষ্ট—মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে।’
আপিলের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আইন তো একই সবার জন্য। নির্ধারিত সময়ের বাইরে (রায়ের ৩০ দিনের মধ্যে আপিলের সুযোগ আছে) সুপ্রিম কোর্টে আপিল দায়ের করতে গেলে তার কী ফল এবং কী পরিণতি হতে পারে, জনাব আবুল কালাম আজাদের মামলাটি তার একটি উদাহরণ হতে পারে।
‘যেটি দীর্ঘদিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি হয়েছে এবং যে যুক্তি কেউ কেউ উপস্থাপনের চেষ্টা করেন, সেই যুক্তি কিন্তু আবুল কালাম আজাদের মামলাতেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির পক্ষ থেকেই করা হয়েছে। কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট এখন পর্যন্ত সেটিকে আমলে নেননি।’