আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার
রাশিয়া থেকে জ্বালানি তেলের সরবরাহ বাড়তে পারে-এমন প্রত্যাশায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এতে রাশিয়ার তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে রয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৭ সেন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ কমে ১০৩ ডলার ৩৫ সেন্টে দাঁড়ায়।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩০ সেন্ট বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৯০ ডলার ৫৫ সেন্টে নেমে আসে।
বাজার বিশ্লেষকদের মতে, রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা দাম কমার অন্যতম কারণ। ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় পাল্টাপাল্টি হামলা বন্ধ করলে তেল উৎপাদন ও সরবরাহব্যবস্থায় চাপ কমতে পারে।
এতে আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এখনো তেলের বাজারের জন্য বড় উদ্বেগের কারণ। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা বাড়িয়ে রেখেছে। ফলে সরবরাহ বাড়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলারের নিচে নামেনি।
বিশ্ববাজারে তেলের দামের পরবর্তী গতিপথ নির্ভর করবে রাশিয়া-ইউক্রেনের সমঝোতা কতটা কার্যকর হয়, মধ্যপ্রাচ্যের সংঘাত কোন দিকে মোড় নেয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ কতটা স্বাভাবিক থাকে, তার ওপর।