ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৬ জন দগ্ধ

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬ ০৯:৩৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৯ বার


নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৬ জন দগ্ধ

নারায়ণগঞ্জের কাচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দম্পতিসহ ৪ জন দগ্ধ হয়েছেন। অন্যদিকে ফতুল্লায় একটি কারখানায় কাজ করার সময় দুই ব্যক্তি দগ্ধ হয়েছেন।

 

পৃথক দুই ঘটনায় দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

 

দগ্ধরা হলেন– রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪) রিয়াজ (২২) ও রনি (১৯)। তাদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফ ও রিয়াজের ৪০ শতাংশ করে এবং রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।

 

 

 

রোববার (১১ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনার পর তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা অব্যাহত রয়েছে।

 

জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাচপুরে এ ঘটনা ঘটে। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন, একই ঘটনায় দুই পরিবারের সদস্যরা দগ্ধ হয়েছেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কারখানায় কাজ করার সময় আনোয়ার (৪০) ও শামসুল (৩০) নামের দুজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ দগ্ধ হয়েছে। অন্যদিকে, সামসুলের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার শ্বাসনালিতেও আঘাত রয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ১১টা ৩৩ মিনিটে আনোয়ার ও ১১টা ৩৪ মিনিটে শামসুলকে ভর্তি করা হয়।


   আরও সংবাদ