ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ অগাস্ট, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৬ বার
বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রায় ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমাবার (১৮ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি।
এর আগে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকা থেকে গ্রেপ্তার ফারুক মোল্লাকে (৬৫) গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ বরিশাল সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে বাকেরগঞ্জ থানায় দায়ের করা একটি ডাকাতি মামলায় ৩০ বছর আগে আদালত ফারুক মোল্লাকে সাত বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।
এরপর থেকেই তিনি গ্রেপ্তার এড়িয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ফারুক মোল্লার অবস্থান শনাক্ত করা হয়।
পরে ঢাকার কেরাণীগঞ্জের র্যাব-১০-এর সদর কোম্পানির সহযোগিতায় র্যাব-৮-এর সদর কোম্পানির একটি দল ঢাকার যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।