ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ অগাস্ট, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬ বার
ঢাকা: সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর হারের জটিলতা ও অস্পষ্টতা দূর করতে বিশেষ স্পষ্টীকরণ পরিপত্র জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে শিল্প উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বাণিজ্যিক আমদানিকারকদের জন্য পৃথক শুল্ক ও কর কাঠামো স্পষ্ট করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সরঞ্জাম আমদানিতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মাত্র ১ শতাংশ কাস্টমস ডিউটি দিয়ে পণ্য খালাস করতে পারবে। অন্যদিকে, বাণিজ্যিক আমদানিকারকদের ক্ষেত্রে ১ শতাংশ কাস্টমস ডিউটির পাশাপাশি ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর (এটি) এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) দিতে হবে।
তবে পরিশোধ করা আগাম কর ও অগ্রিম আয়কর পরবর্তীতে সমন্বয়যোগ্য হবে।
সোমবার (১৭ আগস্ট) কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ পরিপত্র জারি করে এনবিআর।
এনবিআর বলছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হলেও মাঠপর্যায়ে কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলোতে শুল্কায়নে নানা জটিলতা ও দীর্ঘসূত্রিতা হচ্ছিল। এ সমস্যা সমাধানে পরিপত্রের নির্দেশনা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে
সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সরঞ্জাম আমদানিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো মাত্র ১ শতাংশ কাস্টমস ডিউটি দিয়ে চালান খালাস করতে পারবে।
বাণিজ্যিক আমদানিকারকের ক্ষেত্রে
বাণিজ্যিক আমদানিকারকদের ১ শতাংশ কাস্টমস ডিউটির পাশাপাশি ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর পরিশোধ করতে হবে। পরবর্তীতে এ আগাম কর ও অগ্রিম আয়কর সমন্বয় করা যাবে।
সোলার ইনভার্টারের সুবিধা বহাল
সোলার ইনভার্টারের ক্ষেত্রে অসাবধানতাবশত এইচএস কোডে ভুল হলেও পণ্যের বর্ণনাকে প্রাধান্য দেওয়া হবে। ফলে এ পণ্যের জন্য পূর্বঘোষিত রেয়াতি সুবিধা বহাল থাকবে।
এইচএস কোড ও সিপিসি স্পষ্টীকরণ
মূলধনী যন্ত্রপাতি ও নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপনে ‘Solar Photovoltaic/Module/Panel’ (H.S. Code 8541.43.00) অন্তর্ভুক্ত রয়েছে।
আমদানিকারকরা একই বিল অব এন্ট্রিতে একাধিক আইটেম ঘোষণা করলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে পৃথক সিপিসি উল্লেখ করে পণ্য খালাস করতে পারবেন।