ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৮ জুলাই, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৩ বার
ঢাকা: বর্তমানে সারাদেশে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি শূন্য পদ রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
মঙ্গলবার (৭ জুলাই) সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী এ কথা জানান।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে বিভিন্ন ক্যাডারে মোট ৮ হাজার ৯৯টি শূন্য পদ রয়েছে।
শূন্য পদ পূরণের জন্য এবং দেশের বেকারত্ব দূর করার জন্য মেধা, সততা, দক্ষতা ও সৃজনশীলতার ভিত্তিতে নিয়োগ/পদায়নের লক্ষ্যে ইতোমধ্যে ৪৫, ৪৬, ৪৭তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষা সমাপ্ত হয়েছে এবং ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই কার্যক্রমসমূহ সম্পন্ন হলে দ্রুত এসব শূন্য পদ পূরণ করা সম্ভব হবে।
এছাড়া, শূন্য পদ পূরণের জন্য সরকার ইতোমধ্যে ৬ মাস, এক বছর এবং পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। কর্মপরিকল্পনায় বর্ণিত ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ’র বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগের নিয়োগের সর্বশেষ অবস্থা এবং শূন্য পদে নিয়োগের তথ্য এবং নিয়োগের অধিযাচন প্রেরণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় হতে পত্র প্রেরণ করা হয়েছে।
এছাড়া, দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও শূন্য পদের বিপরীতে নিয়োগের বিষয়ে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য সকল মন্ত্রণালয়/বিভাগকে অনুরোধ করা হয়েছে।