ঢাকা, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণে ইতালি দূতাবাসে স্মরণসভা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২ জুলাই, ২০২৬ ০৯:৪৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


হলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণে ইতালি দূতাবাসে স্মরণসভা

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত সন্ত্রাসী হামলায় নিহত ২৪ জনের স্মরণে এক  স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশে ইতালির দূতাবাস। নিহতদের মধ্যে নয়জন ছিলেন ইতালির নাগরিক।

 

বুধবার (১ জুলাই) বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত অ্যান্টোনিও আলেসান্দ্রো আয়োজিত এই অনুষ্ঠানে জাপান, ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা, নিহতদের স্বজন ও বন্ধুবান্ধব, হামলা থেকে বেঁচে ফেরা জিম্মিরা এবং বাংলাদেশে বসবাসরত ইতালীয় সম্প্রদায়ের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

 

বাংলাদেশ সরকারের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সমাপনী বক্তব্যে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সহিংস উগ্রবাদ প্রতিরোধ ও মোকাবিলায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লার একটি বিশেষ বার্তা পাঠ করে শোনান রাষ্ট্রদূত আলেসান্দ্রো।

বার্তায় রাষ্ট্রপতি বলেন, সন্ত্রাসীরা বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও বিভাজন সৃষ্টি করতে চেয়েছিল।

কিন্তু তার পরিবর্তে আরও শক্তিশালী সংহতি, জনগণের মধ্যে সংলাপের গুরুত্ব সম্পর্কে গভীর উপলব্ধি এবং সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত অঙ্গীকার গড়ে উঠেছে।

 

রাষ্ট্রদূত আলেসান্দ্রো তার বক্তব্যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ইতালীয় উদ্যোক্তা ও বেসরকারি খাতের পেশাজীবীদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, এই স্মরণানুষ্ঠানটি সব জাতীয়তা ও ধর্মের নিহতদের প্রতি সম্মান জানাতে আয়োজন করা হয়, যা মানবতা, সম্প্রীতি ও ঐক্যের প্রতীক।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নিহতদের স্মৃতি চিরস্মরণীয় রাখার আহ্বান জানানো হয়। ‘আমরা যেন কখনো ভুলে না যাই—এমন ট্র্যাজেডি আর কখনো না ঘটে’ এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।


   আরও সংবাদ