ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ জুলাই, ২০২৬ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৯ বার
ব্রাজিলের ফুটবল দলের জয় উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে রাজধানীর আদাবরের নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠকে মীমাংসা চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের দেশীয় দাড়ালো অস্ত্রের আঘাতে জখম হয়ে মো. আবুল বাসার বাদশা (৩০) নামে একজন নিহত হয়েছেন।
এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন মো. সাদ্দাম (৩৫) নামে আরেকজন। হতাহতরা দুজনই বিএনপির কর্মী বলে জানা গেছে।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আবুল বাসার বাদশা আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক এবং আহত সাদ্দাম সভাপতি।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় প্রথমে দুজনকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বাদশাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা বাদশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ব্রাজিলের খেলা শেষে নবোদয় হাউজিং এলাকায় কয়েকজন যুবক ঢোল বাজিয়ে উল্লাস করছিলেন। এ সময় হাবিবুর রহমান নামে এক ব্যক্তির সঙ্গে নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রিপনকে চড়-থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বিরোধ মীমাংসার জন্য নবোদয় বাজারে রঞ্জুর দোকানে একটি সালিশ বৈঠক বসে। অভিযোগ রয়েছে, বৈঠক চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে সাদ্দাম ও বাদশার হাত, পা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম হন। গুরুতর আহতবস্থায় স্থানীয়রা দুজনকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হলে আবুল বাসার বাদশাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। সাদ্দাম হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রিপন, নিরব, পারভেজ ও মাসুম স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।