ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ জুন, ২০২৬ ০৯:৫৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
একটি বিপ্লব বা গণ অভ্যুত্থান ধূমকেতুর মতো হঠাৎ আলোর ঝলকানি নয়। সুপ্ত আগ্নেয়গিরি থেকে দীর্ঘদিনের জমে থাকা লাভার উদ্গিরণ।
কোনো দেশে বিপ্লব বা অভ্যুত্থান দেয়াশলাই কাঠি নয় বরং প্রজ্বালিত অগ্নিমশাল।
একটি সফল বিপ্লবের পেছনে থাকে দীর্ঘদিনের সংগ্রাম, নিপীড়ন আর ত্যাগের অকথিত অধ্যায়।
সেই ইতিহাস যদি আমরা ভুলে যাই তাহলে বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয় না। জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা।
এ লড়াইয়ের আছে দীর্ঘ ইতিহাস।
১৯৭১ এর মুক্তিযুদ্ধ যেমন শুধু নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ নয়, ১৯৪৭ থেকে ধাপে ধাপে মানুষের জাগরণের মহাকাব্য।
৫২-এর ভাষা আন্দোলন, ৬২-এর শিক্ষা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ৭০-এর নির্বাচনের ধারাবাহিকতায় নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। ঠিক তেমনি জুলাই বিপ্লব কেবল ৩৬ দিনের কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নয়, দীর্ঘ ১৭ বছরের বৈষম্য, দুর্নীতি, লুটপাট, ভোটাধিকার হরণ এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে জনগণের আন্দোলনের চূড়ান্ত বিজয়। ছোট, ছোট আন্দোলনের সামষ্টিক রূপ হলো ২০২৪ এর ৫ আগস্ট আওয়ামী লীগের পতন। এই আন্দোলনের সূচনা করেছিলেন বেগম জিয়া আর চূড়ান্ত বিজয়ের নায়ক হলেন তারেক রহমান। বিএনপি দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে জনমত সৃষ্টি করেছিল, সেই জনমতের ক্ষোভের বিস্ফোরণ ঘটে ২৪-এর ৫ আগস্ট। এটা সম্ভব হয়েছিল তারেক রহমানের দক্ষ নেতৃত্ব এবং বিচক্ষণ সিদ্ধান্তের কারণে। বিএনপিই জুলাই আন্দোলনের মূল শক্তি আর তারেক রহমানই এই বিপ্লবের মূল কারিগর। জুলাই আন্দোলনের তাৎপর্য উপলব্ধি করতে হলে আমাদের ২০০১ সাল থেকে বাংলাদেশের রাজনৈতিক ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে।
২০০১ সালের অক্টোবর নির্বাচনে বিএনপি ভূমিধস বিজয় লাভ করে। শুরু হয় এক নতুন যুগের সূচনা। বাংলাদেশ পরনির্ভরতার শিকল ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার যাত্রা শুরু করে। স্বনির্ভর অর্থনীতি, স্বাধীন পররাষ্ট্রনীতি, সবার আগে দেশের স্বার্থ-এ নীতিতে বিএনপি শুরু করে নবযুগের। কিন্তু যারা চায় না বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক তারা বিএনপির এ বিপুল বিজয় মেনে নিতে পারেনি। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই শুরু হয় ষড়যন্ত্র।
পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়। সুশীল সমাজের একটা অংশ, তাদের পৃষ্ঠপোষক গণমাধ্যমে এবং বিদেশি শক্তি একযোগে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। আর এ ষড়যন্ত্রের ফসল হলো ফখরুদ্দীন-মইন উদ্দিনের নেতৃত্বে এক-এগারো। ২০০৭ সালে সুশীলসমাজ এবং এক শ্রেণির সেনা কর্মকর্তার ক্যু এর প্রধান লক্ষ্য ছিল বিএনপিকে ধ্বংস করা। এ সময় বেগম খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়। তাদের ওপর চালানো হয় অমানুষিক নির্যাতন। বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর যেভাবে বর্বরোচিত অত্যাচার করা হয় তা ইতিহাসে নজিরবিহীন।
এখানেই ২৪-এর গণ অভ্যুত্থানের বীজ রোপিত হয়েছিল। ২০০৮ এর সাজানো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের আবরণে বিএনপি ধ্বংসের নতুন আয়োজন শুরু হয়। কিন্তু আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে সংসদে বসেন। জনগণকে সঙ্গে নিয়ে দেশ মুক্তির নতুন লড়াই শুরু করেন। এই লড়াইয়ের চূড়ান্ত বিজয় অর্জিত হয় ২০২৪-এর ৫ আগস্ট।
আওয়ামী লীগ ক্ষমতায় এসেই জনগণের ভোটাধিকার হরণের প্রক্রিয়া শুরু করে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে। এর উদ্দেশ্য ছিল একটাই, জনগণের ভালোবাসা ধন্য বিএনপি যেন আর কোনোদিন ক্ষমতায় আসতে না পারে। ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ এবং তার দোসররা গণতন্ত্রের কবর রচনা করতে চেয়েছিল। বেগম জিয়া তখন এক অসাধারণ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে অভূতপূর্ব জাতীয় ঐক্য গড়ে তোলেন। এ ঐক্যের বিস্ফোরণ ঘটে ২০২৪ সালে।
এরপর বেগম জিয়ার ওপর নেমে আসে নির্মম অত্যাচার। মিথ্যা মামলায় তাকে সাজা দেওয়া হয়। বিচারের নামে প্রহসন করে তাকে কারাগারে অন্তরিন রাখা হয় বছরের পর বছর। বেগম জিয়ার প্রতি এ নিষ্ঠুরতা গোটা দেশের মানুষের বিবেক জাগ্রত করে। জাতির এ ক্রান্তিকালে দলের হাল ধরেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনিই যেন হয়ে ওঠেন অন্ধকারে জাতির আলোর দিশা। একদিকে তিনি বিএনপিকে নতুন করে সংগঠিত করেন অন্যদিকে জাতীয় ঐক্যের ডাক দেন।
২০১৮ সালের রাতের ভোট ছিল বাংলাদেশে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক। এ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পুরোপুরি জনবিচ্ছিন্ন এবং গণবিরোধী শক্তিতে রূপান্তরিত হয়। বস্তুত ২০১৮ সালের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের মহাসড়কে যাত্রা শুরু করে। এ নির্বাচনে অংশ নিয়ে তারেক রহমান জাতির সামনে আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করেন। এটা তাঁর দূরদর্শী রাজনৈতিক কৌশলের এক অনবদ্য দৃষ্টান্ত। এর মাধ্যমেই মূলত আন্তর্জাতিক সম্প্রদায়ের ঘুম ভাঙানো সম্ভব হয়। সারা বিশ্ব দেখে বাংলাদেশে গণতন্ত্রের নামে চলছে কী নির্মম তামাশা। এ সময় সারা বিশ্বের সঙ্গে কূটনৈতিক নেটওয়ার্ক গড়ে তোলেন তারেক রহমান। যা জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এরপর তারেক রহমান এক দফা আন্দোলনের ঘোষণা দেন। সব নির্বাচন বর্জনের ডাক দেন। এর ফলে আওয়ামী লীগের নির্বাচনের নামে প্রহসন জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে দৃশ্যমান হয়। এটাই ছিল আওয়ামী লীগের পতনের চূড়ান্ত ধাপ।
এভাবেই জুলাই আন্দোলনের প্রেক্ষাপট রচনা করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের আন্দোলনে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৮২৫টির বেশি মামলা হয়েছে, মামলায় আসামির সংখ্যা ৫০ লাখ ৩২ হাজার ৬৫৫ জনেরও বেশি। এটা একটা সংখ্যা মাত্র, কিন্তু এর ব্যপ্তি এত বেশি যে তা লিখে বোঝানো যাবে না। বিএনপির হাজার হাজার নেতা-কর্মী নিঃস্ব হয়ে গেছে, সামাজিকভাবে হেয় হয়েছে, শারীরিকভাবে পঙ্গু হয়ে গেছে নির্যাতনে। বিএনপির চেয়ে বেশি এবং দীর্ঘ সময় ত্যাগ আর কোনো একক রাজনৈতিক দলের নেই। এত নির্যাতন ও দমনপীড়নের পরও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একক ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে বিএনপি পথ হারায়নি।
বিএনপির এক দফা আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ১৭ বছরের আন্দোলনের সঙ্গে যখন বৈষম্যবিরোধী আন্দোলন যুক্ত হয়েছে তখনই এসেছে চূড়ান্ত বিজয়। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে বিএনপির ৪২২ জন শহীদ হন। এর আগে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে বিএনপির ১ হাজার ৫৫১ জন শহীদ হন। গুম হন ৪২৩ জন। আর সব রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে এ সময়ে গুমের সংখ্যা প্রায় ৭০০। ছাত্র-জনতার আন্দোলন শুধু ছাত্রদের দাবির প্রতিবাদ ছিল না, বরং তা বিএনপির দেখানো পথ ধরে রাজনৈতিক মুক্তির সংগ্রামে রূপ নেয়। বিএনপির নেতা-কর্মীরা সক্রিয়ভাবে এ আন্দোলনে অংশগ্রহণ করে তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনায় প্রাণবাজি রেখে রাজপথে সোচ্চার থাকেন এবং ছাত্র-জনতাকে সর্বোচ্চ সহযোগিতা করেন। এর ফলে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক মুক্তির পথ সুগম হয়। ২০০৭ সালের এক-এগারোর মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়েছিল, বিএনপির নেতৃত্বে দীর্ঘ ১৭ বছরের সংগ্রামের মাধ্যমে ২০২৪ সালের স্বৈরাচার পতনের মধ্য দিয়ে সেই অধিকার পুনরুদ্ধার করা হয়। যে গৌরবোজ্জ্বল সংগ্রামের কান্ডারি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌজন্যে: বাংলাদেশ প্রতিদিন