ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২০ মে, ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪ বার
বাংলাদেশে একটি স্বাধীন গণমাধ্যম পরিবেশ নিশ্চিত করতে খুব শিগগিরই কোয়াসি জুডিশিয়াল (আধা-বিচারিক) অথরিটি সম্পন্ন একটি গণমাধ্যম কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, এই কমিশন গঠিত হলে সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার সুযোগ পাবে না, তেমনি মালিকপক্ষও সাংবাদিকদের তাদের অধিকার ও নিরাপত্তা থেকে বঞ্চিত করতে পারবে না।
সোমবার (১৯ মে) সন্ধ্যায় রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে দৈনিক আগামীর সময় পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আগামীর সময় আমাদের অতীত ও বর্তমান নিয়ে ভাবতে শেখাবে।
একটি নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং এক্ষেত্রে ডিজিটাল ওয়ার্ল্ড ও অনলাইন কমিউনিকেশনের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। সরকার এমন এক স্বাধীন গণমাধ্যম পরিবেশ তৈরি করতে চায় যেখানে কারও হস্তক্ষেপ থাকবে না।
জহির উদ্দিন স্বপন বলেন, আমরা অভিজ্ঞতার আলোকে দেখেছি সরকারের দৃষ্টিভঙ্গির কারণে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়। তাই আমরা একটি স্বাধীন গণমাধ্যম কমিশন করতে চাই।
এটি একটি শক্তিশালী কাঠামো হিসেবে কাজ করবে, যার কোনো বিকল্প নেই। সভ্য সমাজে সঠিক ব্যবস্থাপনা ছাড়া গণমাধ্যম চলতে পারে না।
কমিশনের কাজ ও লক্ষ্য তুলে ধরে তিনি বলেন, আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে– গণমাধ্যম মালিক, সম্পাদক ও সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার কাছ থেকেই আমরা সহযোগিতা পাচ্ছি। আমরা বিশ্বাস করি, নিকট ভবিষ্যতে একটি গ্রহণযোগ্য ও কার্যকর আধা-বিচারিক ক্ষমতাসম্পন্ন গণমাধ্যম কমিশন জাতিকে উপহার দিতে পারব।
মন্ত্রী আরও যোগ করেন, এই কমিশন গঠিত হলে গণমাধ্যমের ওপর আর কেউ অতিরিক্ত খবরদারি করতে পারবে না। সরকার যেমন গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তেমনি কেবল কলম হাতে থাকলেই সাংবাদিকতার নামে যা খুশি তা করা যাবে না। রেগুলেশনের মাধ্যমে আমরা অপসাংবাদিকতাও রোধ করব।
আগামীর সময়ের উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল উদ্দিন, বিএনপির সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক, দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবির, অর্থনীতিবিদ অধ্যাপক ড. এমএম আকাশ এবং আগামীর সময়ের প্রকাশক আব্দুস সাত্তার মিয়াজী।
উদ্বোধনী বক্তব্য দেন আগামীর সময়ের সম্পাদক মোস্তফা মামুন।