স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩ বার
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে সদর উপজেলা ও মেলান্দহ উপজেলায় বজ্রপাতে গৃহবধূ ও কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকালে রাজিব কুলির নিজ বাড়ি ও শরিফপুর নদী পাড়ের চরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার লক্ষীরচর ইউনিয়নের চরযথার্থপুর এলাকার হাবিবুর রহমান হাবিবের ছেলে হাসমত আলী হাসু (৫৫) ও মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার কড়ইচুড়া গ্রামের রাজিব কুলির স্ত্রী মর্জিনা আক্তার (২২)। বজ্রপাতে নিহত গৃহবধূ মর্জিনা আক্তারের একটি তিন বছরের কন্যা সন্তান ও হাসমত আলী হাসুর ২ মেয়ে ও ১ ছেলে রয়েছে।
নিহতের স্বামী রাজিব কুলি জানান, রবিবার বিকালে বাড়ির উঠানে খোলা আকাশের নিচে চুলায় রান্না করছিলো তার স্ত্রী মর্জিনা আক্তার। এমন সময় পাশেই বজ্রপাত হয়। এতে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় মর্জিনা আক্তার। পরে বাড়ির আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অপর আহত ব্যক্তি শেফালী বেগমকে আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হাসুর ভাই রুহুল আমীন (৪৮) বলেন, হাসু রবিবার সকালে তার গৃহপালিত গরুকে ঘাস খাওয়ানোর জন্য নদী পাড়ের চরে যান। তারপর বিকালে কালবৈশাখী ঝড় শুরু হলে বজ্রপাতে হাসু গুরুতর আহত হয়। এবং তার একটি গরু মারা যায়। পরে স্থানীয় লোকজন তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, বজ্রপাতে মর্জিনা আক্তার নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।