ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৮ বার
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাতে তারা সেখানে পৌঁছান বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে এ প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ কয়েকজন আইনপ্রণেতা।
ইসলামাবাদে পৌঁছানোর পর প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিক এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
এদিকে ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মেরিল্যান্ডের অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেস থেকে যাত্রার আগে তিনি এ কূটনৈতিক উদ্যোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বিশ্বজুড়ে রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি এখন এ বৈঠকের দিকে। ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এ আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও দীর্ঘমেয়াদি শান্তির ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সব ঠিক থাকলে শনিবার (১১ এপ্রিল) সকালে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদলের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে।