ঢাকা, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রতিটি ঘরে সরকারি চাকরি নিশ্চিত করতে চাই

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫ বার


প্রতিটি ঘরে সরকারি চাকরি নিশ্চিত করতে চাই

নাটোর: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে কেবল অবকাঠামোগত উন্নয়নে আমরা ভবিষ্যতে সন্তুষ্ট থাকতে চাই না। আমরা প্রত্যেকটা ঘরে ঘরে সরকারি চাকরি নিশ্চিত করতে চাই। 

তিনি বলেন, কেবল রাস্তা তৈরি করেই একটি জনপদের উন্নয়ন করা যায় না। ওই রাস্তার ওপর দিয়ে হেঁটে যাওয়া কোনো সন্তান যদি সম্পদে পরিণত না হয়, তাহলে কোনোদিন উন্নত হয় না।

বিএনপির অঙ্গীকার দেশের প্রতিটি সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তোলা হবে।

 

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) বিকেলে নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারজানা শারমিন পুতুল বলেন, আমাদের মনে রাখতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি যদি ছোট হয়, আমাদের স্বপ্ন যদি ছোট হয়, তাহলে কিন্তু মানুষ আমাদের ঠকাবেই। তাই আমাদের সতর্ক থাকতে হবে, নিজেদের বদলাতে হবে।

 

 

তিনি বলেন, আমরা মা-বোনদের যথাযথ ইজ্জত-সম্মান নিশ্চিত করতে চাই। আমরা কৃষকদের সম্মান নিশ্চিত করতে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ লালপুর-বাগাতিপাড়ায় গড়ে তুলতে চাই। যে পরিবেশে তারা স্কুল কলেজে পড়াশোনা করে দেশের জন্য, এলাকার জন্য এবং পরিবারের জন্য সম্পদ হিসেবে গড়ে উঠবে, বোঝা হিসেবে নয়।

 

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে পুতুল বলেন, যারা অন্যান্য প্রার্থী আছেন, তাদের স্বাগত জানাই। নির্বাচন এমন একটি খেলা, যে খেলায় প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবেই। কিন্তু ফাউল করতে গেলে কিন্তু মাঠের বাইরে চলে যেতে হবে। ফাউল করা বন্ধ করেন।

এসময় লালপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ফিরোজ উদ্দিন, কদিমচিলান ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারি, সাধারণ সম্পাদক হজরত আলীসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

 


   আরও সংবাদ